আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিল চবি
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ফুটবল দলের ম্যানেজার অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মান জানাতে পেরে তিনি আনন্দিত। বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনা ক্রীড়াবিদদের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও সুনাম বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও তারা একই নিষ্ঠা ও আত্মবিশ্বাস নিয়ে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের গৌরব আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয় নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, ধৈর্য ও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা দেয়। মাঠের এই শিক্ষাই একজন খেলোয়াড়কে জীবনের বিভিন্ন ক্ষেত্রেও সফল হতে সহায়তা করে। তিনি পদকজয়ী সকল ক্রীড়াবিদকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল। এ সময় বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি অতিথি এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ও উপ-পরিচালকদেরও সম্মাননা দেওয়া হয়। কৃতী খেলোয়াড়রা নিজেদের অনুভূতিও ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃতী ক্রীড়াবিদ তাইফুল আলম ফরাজী ও শ্রুতিরাজ চৌধুরী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি, আবাসিক শিক্ষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পদকজয়ী ক্রীড়াবিদ, চাকসুর ভিপি ও জিএস এবং চবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








