সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় শনাক্ত করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।
নওগাঁর আত্রাই উপজেলার নিহতরা হলেন—গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন ও মো. সুমন; খরস্রোতা গ্রামের মজিদুল ও আব্দুল জলিল; উজানপই গ্রামের ফরিদ; ডুবাই গ্রামের শুভ ও সুমন; বোয়ালা গ্রামের হৃদয়; নওগাঁ গ্রামের শাহিন এবং সাদনগর গ্রামের সাগর। এছাড়া একই উপজেলার মিনহাজের গ্রামের একজনের পরিচয় এখনো জানা যায়নি।
নাটোরের নলডাঙ্গা উপজেলার নিহত দুজন হলেন—দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির। রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাংগাপাড়া এলাকার শ্যামলও অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় ও অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।
রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকার ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এমকে/বিএম২৪









