সুন্দরবনে বনদস্যুদের হাত থেকে ২১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৬:৩৩ পিএম
সুন্দরবনে বনদস্যুদের হাত থেকে ২১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধিঃ 

পূর্ব সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর’ ও ‘দয়াল’ বাহিনীর কবলে পড়া ২১ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর এলাকার কয়েকজন জেলে মাছ ও কাঁকড়া আহরণের উদ্দেশ্যে সুন্দরবনের অভ্যন্তরে গেলে বনদস্যু দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে তাদের অপহরণ করে। পরে জেলেদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, জিম্মি জেলেদের নিয়ে দয়াল বাহিনীর সদস্যরা কয়রা থানার আন্দারমানিক এলাকার টোটা ও কেওড়াতলা খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে দস্যুরা দ্রুত বনের ভেতরে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে জিম্মি থাকা ১০ জেলেকে উদ্ধার করা হয়।

অপরদিকে কোস্ট গার্ড ও র‌্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দাকোপ থানার শিবসা নদীর বড় দুদমুখ খাল এলাকায় অবস্থান করছে। পরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দস্যুরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা গভীর বনের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে বড় জাহাঙ্গীর বাহিনীর কবলে থাকা আরও ১১ জেলেকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান আগামীতেও নিয়মিতভাবে চলমান থাকবে।