সুন্দরবনে আবারও বনদস্যুর তাণ্ডব, ট্রলারসহ ১২ জেলে অপহরণ- আতঙ্কে উপকূলবাসী
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুদের দৌরাত্ম্য। গভীর রাতে নদীতে মাছ ধরার সময় ট্রলার ঘিরে অস্ত্রের মুখে ১২ জেলেকে অপহরণ করেছে কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এ ঘটনায় উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর সংলগ্ন নদী এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন—ইয়াসিন, মাসুম, সেলিম, জাকির, হোসেন, তৌহিদ, মাহবুব, হানিফ, হৃদয়, ইব্রাহিম, সুমনসহ আরও কয়েকজন জেলে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মাছ ধরায় ব্যস্ত ছিলেন জেলেরা। হঠাৎ করেই ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দস্যু দল কয়েকটি নৌকায় করে এসে ট্রলার ঘিরে ফেলে। পরে অস্ত্র ঠেকিয়ে জেলেদের জিম্মি করে একটি ট্রলারসহ তুলে নিয়ে যায় তারা। দস্যুরা বিশেষ ধরনের পোশাক পরে ছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জেলেদের এক মহাজন নাম প্রকাশ না করার শর্তে জানান,
“দস্যুরা এখন অনেক বেশি সংঘবদ্ধ। তারা শুধু জেলেদের অপহরণই করছে না, মুক্তিপণের জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এখন সুন্দরবনে মাছ ধরতে যাওয়া মানেই জীবনের ঝুঁকি।”
ঘটনার পর থেকেই অপহৃত জেলেদের পরিবারগুলোতে চলছে কান্না আর উৎকণ্ঠা। স্বজনদের অনেকেই দাবি করছেন, দ্রুত অভিযান চালিয়ে জেলেদের জীবিত উদ্ধার করতে হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই বনরক্ষীরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত অপহৃতদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শরণখোলা থানার ওসি মো. শামীমুল হক বলেন, এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনে দীর্ঘদিন ধরে বনদস্যুদের তৎপরতা আবারও বেড়ে গেছে। জেলেরা জীবিকার তাগিদে বনে গেলেও প্রতিনিয়ত মৃত্যুভয় আর অপহরণের আতঙ্ক১৬ নিয়ে থাকতে হচ্ছে।









