সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা

সূত্রঃ সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক


দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য বন্ধে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের (বিজেসি) পর্যালোচনা ও বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষকে সুরক্ষা দেবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।


প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে তিনি বলেন, আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। ফলে প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব।


অনলাইনভিত্তিক সাংবাদিকতার নতুন নতুন ধরন ও মনিটাইজেশনকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতার বিভিন্ন নতুন ধরন তৈরি হয়েছে। এসব বিষয়কে একটি নীতিমালার কাঠামোর মধ্যে আনার প্রয়োজন রয়েছে।


তিনি আরও বলেন, গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানো হলে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে অভিন্ন কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাইবার সুরক্ষা আইন সংশোধনের একটি খসড়া নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে খসড়ায় গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত নতুন বিধানের প্রস্তাব থাকার কথা উঠে এসেছে। তবে সংশোধনী নিয়ে আলোচনা ও পরিবর্তনের সুযোগ এখনো রয়েছে।


এমকে/বিএম২৪