ডিসেম্বরের আগেই পুলিশে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও জবাবদিহিমূলক হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ বাহিনীতে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশে ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ ব্যবস্থা চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে শুধু বিভাগীয় শাস্তির মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রাখা হবে না। প্রচলিত আইনে মামলা ও বিচার করা হবে।
পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালন করতেও বাধ্য করা হয়েছিল। তবে এখন তাদের নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ এখন রাজা-বাদশাহ নয়, জনগণের পুলিশ দেখতে চায়। কোনো সিনিয়র কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। একইভাবে অধস্তন কোনো সদস্যের এমন কর্মকাণ্ডেও অনুমতি বা আশ্রয় দেওয়া যাবে না, যা সমাজে অশান্তি বা অস্বস্তি তৈরি করে।
দায়িত্ব পালনে ভুলত্রুটি থাকলেও সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করলে সংশোধনের সুযোগ দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে প্রত্যাশা পূরণে ব্যর্থতা কিংবা অপরাধ সংঘটিত হলে তার পরিণতি ভালো হবে না।
তিনি বলেন, ‘২০২৬ সালের ৩১ ডিসেম্বর আসার আগেই আপনাদের পরিবর্তনটা দেখাতে হবে।’ ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এ জন্য পুলিশ বাহিনীর জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পদকপ্রাপ্তি শুধু কৃতিত্বের স্বীকৃতি নয়, এটি দেশের ও জনগণের প্রতি দায়িত্বও বহুগুণ বাড়িয়ে দেয়।
বিগত সরকারের সময়ে পুলিশকে রাজনৈতিকভাবে অপব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে প্রাতিষ্ঠানিক, আইনি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে পুলিশের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও জনআস্থা ফিরিয়ে আনতে কাজ করছে।
তিনি আরও বলেন, পুলিশের সবচেয়ে বড় শক্তি মানুষের আস্থা অর্জন। জনগণের আস্থা ছাড়া কোনো আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে না।
আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমকে/বিএম২৪









