শপথ ঘিরে বঙ্গভবনে উৎসুক জনতার ভিড়
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় উৎসুক মানুষের ভিড় জমেছে। একই সঙ্গে অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৬টার দিকে বঙ্গভবনে প্রবেশের পথে শত শত মানুষকে অবস্থান করতে দেখা যায়। তারা অতিথিদের গাড়ি প্রবেশের দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছিলেন।
উৎসুক জনতার একজন জালাল সরকার বলেন, রাষ্ট্রপতির শপথ একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অনুষ্ঠান। নতুন রাষ্ট্রপতি দেশের সব মানুষের কথা বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করবেন—এটাই তার প্রত্যাশা। শপথ অনুষ্ঠানের সাক্ষী হতে তিনি বঙ্গভবনের কাছে এসেছেন।
আরেকজন মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনই উত্তরবঙ্গের কৃতী সন্তান। এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে তারা বঙ্গভবনের কাছে এসেছেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের প্রবেশপথ ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও চলাচল নির্বিঘ্ন রাখতে বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি।
এদিকে, শপথ অনুষ্ঠান ঘিরে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিরা এসব নির্দেশনার আওতামুক্ত থাকবেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পান ৮৮ ভোট।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এমকে/বিএম২৪









