রাতের আঁধারে বান্দরবানে পাহাড় কাটার অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৮:০৮ পিএম
রাতের আঁধারে বান্দরবানে পাহাড় কাটার অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা

 বান্দরবান প্রতিনিধি:

 সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলী এলাকায় রাতের অন্ধকারে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহ ধরে অবৈধভাবে পাহাড় কেটে ট্রাকভর্তি মাটি বিক্রি করা হচ্ছে। এতে পরিবেশের পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুয়ালক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাইচতলী এলাকায় আতর ডিপো শাহ আলমের বাড়ির পাশে কয়েকজন ব্যক্তি স্কেভেটর ব্যবহার করে পাহাড় কাটছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবদুর রহমানের ছেলে মো. হাছান, আবদুর শুক্কুরের ছেলে শামসুল আলম এবং মোকতার হোসেনের ছেলে মো. বেলাল। অভিযোগ রয়েছে, তারা প্রতি ডাম্পার মাটি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করছেন।

এলাকাবাসীর অভিযোগ, সারারাত ট্রাকে মাটি পরিবহনের সময় সড়কে মাটি পড়ে গিয়ে ধুলোবালিতে পুরো এলাকা ঢেকে যাচ্ছে। এতে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃষ্টি হলে সড়ক কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। ইতোমধ্যে কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাহাড়ের গাছপালা ও বনাঞ্চল এর মাটি শক্তভাবে ধরে রাখে। কিন্তু নির্বিচারে পাহাড় কাটার কারণে সেই প্রাকৃতিক বন্ধন দুর্বল হয়ে পড়ে, যা পাহাড় ধসের ঝুঁকি বাড়িয়ে দেয়।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অতীতে বহুবার পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত পাহাড় কাটাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ। তবুও পরিবেশ সংরক্ষণ আইন উপেক্ষা করে বিভিন্ন এলাকায় পাহাড় কাটার ঘটনা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে। খুব শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করা হবে বলে তিনি জানিয়েছেন