মিয়ানমারগামী সার পাচার রুখে দিল কোস্ট গার্ড, আটক ২৩
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় মিয়ানমারে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ২৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩১ জুলাই) পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকা ও ১৫ নম্বর ঘাটসংলগ্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সকাল ৭টার দিকে বহির্নোঙর এলাকায় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ৪৫০ বস্তায় মোট ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার ছিল, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা।
জব্দ করা সার, কার্গো বোট এবং আটক ২৩ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।









