বিএনপির গদি মোটা হয়ে গেছে কুড়িগ্রামে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির গদি মোটা হয়ে গেছে। এখন জনগণকে তাদের গোনার সময় নেই। সংবিধান সংস্কার না হলে যেকোনো মুহূর্তে জনগণ এই সংবিধানের বিরুদ্ধে ফুঁসে উঠবে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ভোটের আগে বলছিল তোমরা ভোট দাও, আমরা ভোটের পর সংস্তার বাস্তবায়ন করব। ইলেকশনের পরে বিএনপির গদি মোটা হয়ে গিয়েছে। এখন আর জনগনকে গোনার টাইম নাই তাদের। সেই জনগন আর বাংলদেশে নেই, দেশের জনগন শেখ হাসিনাকে গদিতে আগুন লাগায় দিয়েছিল।
তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সরকার পরিচালনা করা হচ্ছে। ফলে দেশের মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি (তারেক রহমান) বিজেপি সরকারের মডেল অনুসরণ করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দলের নেতাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদ কমিটিসহ নানা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেছে। জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে ‘কু-সংস্কার’ বাস্তবায়নের জন্য একটি সমঝোতা কমিটি গঠন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পাটওয়ারী বলেন, যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বাঙলাদেশের মানুষের ট্যাক্স এর টাকা দিয়ে যদি বিএনপির পকেট ভরা হয়, আগামীর বাংলাদেশে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করবে, শ্রমিকরা কলকারখানা বন্ধ করবে। সংস্কার ছাড়া আবু সাইদের রক্তের প্রতিশোধ ছাড়া বাংলাদেশের কোনো ভবিষৎ নেই।
তিনি নুরুল হক নুর, রাশেদ খান, ‘আম জনতা’র তারেক এবং আন্দালিব রহমান পার্থের উদ্দেশে বলেন, নতুন স্বৈরাচার তারেক রহমানের সঙ্গী হবেন না।
হুমকি-ধমকির জবাবে তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, হুমকি দিয়ে লাভ নেই। আমরা সেই জাতি, যারা গুলির মুখেও মাথা নত করিনি। আগামীর বাংলাদেশের লড়াইয়ে আমরা জনগণের পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।








