পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ সদস্য গ্রেপ্তার, লাঠি-মাস্ক উদ্ধার

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১২:০১ এএম
পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ সদস্য গ্রেপ্তার, লাঠি-মাস্ক উদ্ধার

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট  প্রতিনিধি:

বাগেরহাট শহরে ভোররাতে পরিচালিত এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাট পৌরসভার রেলরোড এলাকার মাইক্রো স্ট্যান্ডে অভিযান চালানো হয়। খবর ছিল, সেখানে কয়েক ডজন ব্যক্তি জড়ো হয়ে সরকারবিরোধী কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ৪০-৪২ জনের একটি দল ছত্রভঙ্গ হয়ে যায়। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ১৭ জনকে আটক করতে সক্ষম হয়। অন্যরা কৌশলে পালিয়ে যায়।

আটকদের কাছ থেকে উদ্ধার করা আলামত জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহীন ফকির, লিটন চাপরাশি, শামীম হোসেন, আরিফুল ইসলাম, রিয়াদ শেখ, রাতিন ইসলাম মোল্লা, সিরাজ শেখ, নাজমুল হাসান, আব্দুল কাইয়ুম, মাহিম হাওলাদার, হাবিবুল্লাহ খান, অংকুন মালী, মেগনাথ মালী, নাজমুল তালুকদার, সাদমিন ফাহিম, রাব্বি তালুকদার ও হাসান হাওলাদার।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারবিরোধী মিছিল আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত তিনজনসহ আরও ২৩-২৫ জনকে আসামি করে তদন্ত চলছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। জেলা পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারও বিষয়টি নিশ্চিত করেছেন।