গোবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল
মো. নাঈম আশরাফ, গোবিপ্রবি প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে গোবিপ্রবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের বিষয়ে গোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় গোবিপ্রবি ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে গঠনমূলক ভূমিকা পালন করবে। তাদের আদর্শ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সত্য ইতিহাস সংরক্ষণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"









