বাংলাদেশ মেইলের বর্ষসেরা রিপোর্টারে প্রথম মোহাম্মদ আসাদুজ্জামান
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ মেইল ২৪-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিপোর্টারদের কর্মতৎপরতা, সংবাদ পরিবেশনের মান, তথ্যের নির্ভরযোগ্যতা এবং সাংবাদিকতায় অবদানসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করে বর্ষসেরা রিপোর্টারদের নির্বাচিত করেছে বাংলাদেশ মেইল ২৪ কর্তৃপক্ষ। একাধিক দক্ষ ও সক্রিয় রিপোর্টারের মধ্য থেকে সেরাকে বেছে নেওয়ার এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশেষ স্বীকৃতি পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান।
সাংবাদিকতার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের রিপোর্টারদের মধ্যে সেরা হওয়ার প্রতিযোগিতা যেমন পেশাগত দক্ষতার প্রতিফলন, তেমনি এটি মানসম্মত সংবাদ পরিবেশনে আরও বেশি উৎসাহ তৈরি করে। বাংলাদেশ মেইল ২৪-এর এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর পুরস্কারেও সেই প্রতিযোগিতার প্রতিফলন ঘটেছে।
কর্তৃপক্ষের মূল্যায়নে, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ তৈরির দক্ষতা এবং পাঠকের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার বিষয়গুলো সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এসব ক্ষেত্রে রিপোর্টারদের ভূমিকা গণমাধ্যমের মূল শক্তি হিসেবে বিবেচিত হয়।
সেরাদের তালিকায় আরও যারা
বর্ষসেরা রিপোর্টার ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মানিকগঞ্জের সিঙগাইর প্রতিনিধি সোহরাব হোসেন। আর তৃতীয় স্থান অর্জন করেছেন গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি শাকিল হোসাইন।
এ ছাড়া মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার (বিশেষ)’ নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি বিপ্লব তালুকদার।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হৃদয় হাসান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেদওয়ান সাগর।
বাংলাদেশ মেইল ২৪ কর্তৃপক্ষ মনে করছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এই সম্মাননা শুধু বিজয়ীদের ব্যক্তিগত অর্জন নয়; বরং প্রতিষ্ঠানের প্রতিটি রিপোর্টারের কাজের প্রতি স্বীকৃতি ও উৎসাহের প্রতীক। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি আরও তথ্যনির্ভর ও মানসম্মত সংবাদ পরিবেশনে উৎসাহিত করবে।
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মেইল ২৪ ভবিষ্যতে আরও তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করেছে। একই সঙ্গে রিপোর্টারদের কাজের মূল্যায়ন ও তাদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এমন স্বীকৃতি অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্ষসেরা নির্বাচিত সকল রিপোর্টারকে বাংলাদেশ মেইল ২৪ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন এবং সম্পাদক এম এ রাশেদ তালুকদার।
এমকে/বিএম২৪









