বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম
বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


তিনি বলেছেন, শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতি ও প্রকৃতির সব সৃষ্টির প্রতিও মানুষের সদয় হতে হবে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই প্রকৃতি, পশুপাখি ও পরিবেশের প্রতি মমত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় শিশু-কিশোরদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আশপাশের গাছপালা ও প্রকৃতির যত্ন নিতে হবে। কোনো গাছকে বড় হতে সহযোগিতা করতে হবে, পানি দিতে হবে এবং পরিচর্যা করতে হবে। একইভাবে আশপাশের পশুপাখির প্রতিও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।


অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা প্রকৃতি ও পশুপাখির প্রতি সদয় হয়। সবাই মিলে শিশুদের মধ্যে এই বোধ তৈরি করতে পারলে একদিন একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


তিনি বলেন, প্রকৃতির প্রতি আমরা সদয় হলে প্রকৃতিও আমাদের প্রতি সদয় হবে। প্রকৃতির সঙ্গে বেঁচে থাকতে হলে প্রকৃতিকে সহযোগিতা করতে হবে এবং তার স্বাভাবিক বিকাশের সুযোগ দিতে হবে।


পরিবেশ দূষণ রোধে শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাটে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা উচিত নয়। কোনো বড় মানুষ পরিবেশ নষ্ট করে এমন কাজ করলে শিশুরাও তাকে সঠিক জায়গায় ময়লা ফেলার বিষয়ে সচেতন করতে পারে।


প্রধানমন্ত্রী বলেন, একটি ঘর তখনই মজবুত হয়, যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। পরিবারের শিশুরাই সেই পরিবারের গুরুত্বপূর্ণ ভিত্তি। শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে পারলে পরিবার যেমন শক্তিশালী হবে, তেমনি দেশের ভিত্তিও আরও মজবুত হবে।


তিনি আরও বলেন, দেশের সব শিশুকে সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারলে বাংলাদেশ আগামী দিনে প্রতিযোগিতামূলক বিশ্বে আরও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪