ডেঙ্গুমুক্ত শহর গড়তে মাঠে পাবনা পৌরসভা, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০২:২৭ পিএম
ডেঙ্গুমুক্ত শহর গড়তে মাঠে পাবনা পৌরসভা, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আব্দুল কাইউম,  পাবনা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনা পৌরসভার উদ্যোগে শনিবার (২৭ জুন) ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শহরের মক্তব মোড় সংলগ্ন ড্রেন, রাস্তার পাশের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে "নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যানার ও ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পাবনা পৌর প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।