ডিবি পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি:
ডিবি পুলিশের পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৬ জুন) তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা এলাকা থেকে মো. সুজন (৩৪) এবং শিবরামপুর এলাকা থেকে মো. আরিফুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করতেন। পরে সেই অর্থ চক্রের সদস্যদের মধ্যে ভাগাভাগি করা হতো।
অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্তে আরও জানা গেছে, চক্রটি ভূয়া নিবন্ধনে নেওয়া সিমকার্ড ব্যবহার ও সরবরাহের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল।
এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় প্রতারণা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ ফোন করে অর্থ দাবি করলে বা ভয়ভীতি প্রদর্শন করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে।








