অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম
অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: বিডি মেইল

নিজস্ব প্রতিবেদক


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। তবে সরকার এসব বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না। অপরাধ দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।


তিনি বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়। এটি নতুন কোনো ঘটনা নয়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে কেউ আসামিকে সহযোগিতা করলে, সে বিষয়ে তথ্য পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, সিআইডির নেতৃত্বে এটি পরিচালিত হবে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় রাখা হবে।


তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এমনকি শেয়ারবাজারেও কারসাজি করা হচ্ছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


সিআইডির রাসায়নিক পরীক্ষাগার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করছে। এসব পরীক্ষার মাধ্যমে ভিসেরা প্রতিবেদন তৈরি করা হয়। তবে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এ ব্যবস্থার সম্প্রসারণ প্রয়োজন।


বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ ও সেগুলোর যথাযথ প্রত্যয়ন গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আধুনিক সরঞ্জাম, লজিস্টিক সহায়তা ও প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন পরীক্ষাগার স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।


এমকে/বিডিমেইল২৪