আরএমপির সাইবার ইউনিটের অভিযানে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর

প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:২৭ এএম
আরএমপির সাইবার ইউনিটের অভিযানে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর

ইব্রাহীম হোসেন সম্রাট,  রাজশাহী ব্যুরো:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে তুলে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মূখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: গাজিউর রহমান।

তিনি জানায়, মহানগরীর ১২টি থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় সাইবার ক্রাইম ইউনিট হারানো মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া ভুক্তভোগীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এটি প্রমাণ করে, পুলিশ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়াও সেই দায়িত্ববোধেরই অংশ।

তিনি আরও বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নাগরিকদের সেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের স্বার্থ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

মোবাইল ফোন ফিরে পেয়ে সেবাগ্রহীতারা আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।