দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দুপুরের মধ্যে দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে। শুক্রবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর থেকে এই তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বার্তায় বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাত হতে পারে।
এ অবস্থায় আট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতও হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।








