মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা বলল ভারত
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিষয়টি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও চুক্তিটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চুক্তিটি সম্প্রসারিত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হতে পারে এবং এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, তারা সব ধরনের পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছেন। বিশেষ করে ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় হলে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়।
এর আগে খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। চুক্তির সদস্যরা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
এমকে/বিএম২৪









