মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা পবিত্র নগরী মক্কায় এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।


চুক্তির আওতায় সৌদি আরবকে সহায়তা দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, সৌদি আরবের পাশে দাঁড়াতে তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশটিকে বিশেষ করে কারিগরি সামরিক বিষয়ে সহায়তা দিতে প্রস্তুত।


স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। দেশটির সঙ্গে তুরস্কের একটি চুক্তি রয়েছে এবং সৌদি আরবের সামরিক সহায়তা প্রয়োজন হলে, বিশেষ করে কারিগরি বিষয়ে, তাতে সহায়তা করতে তুরস্কের কোনো সমস্যা নেই।


এর আগে শনিবার হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামোও হামলার লক্ষ্য ছিল বলে জানায় তারা।


হামলার পর রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায়, বিমানবন্দরের কাছে আরামকোর একটি ডিপোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই ডিপোতে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি সংরক্ষণ করা হতো।


হামলার প্রভাবে রিয়াদের বিমানবন্দরে বিমান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়। এ সময় শত শত ফ্লাইট বাতিল এবং আরও কয়েকশ ফ্লাইট বিলম্বিত হয়।



এমকে/বিএম২৪