পাকিস্তানে নারী সাংবাদিক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী হেফাজতে
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক রাবিয়া আহসান। এ ঘটনায় তাঁর স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনও ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় নিজ বাসা থেকে রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে কর্মরত ছিলেন।
রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সুকেরা জানান, এ ঘটনায় রাবিয়ার স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিও হাসান মুশতাক সুকেরা। এ সময় তাঁর সঙ্গে পুলিশের অপারেশন ও তদন্ত বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল উপস্থিত ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির এক পুরুষ গৃহকর্মী জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, আগ্নেয়াস্ত্র থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।
এদিকে পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির (পিএফএসএ) সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাবিয়া আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। একই সঙ্গে তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনে পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ফার্স্ট লেডি।
এ ছাড়া রাওয়ালপিন্ডিতে একই ধরনের ঘটনায় আরেক পেশাজীবী নারীর মৃত্যুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গত আগস্টে ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদকে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেদনে তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে ওই ঘটনার তদন্তের ফল এখনো অপেক্ষমাণ।
রাবিয়া আহসানের মৃত্যুর ঘটনায় গুলি দুর্ঘটনাবশত ছুটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমকে/বিএম২৪









