বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
এদিকে, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে।
এ ছাড়া সেপ্টেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ—এই তিন দিনেই প্রবাসীরা দেশে ১৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।
রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে দেখা যাচ্ছে।









