নগদ-বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চুক্তি, সহজ হবে ডিজিটাল লেনদেন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম
নগদ-বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চুক্তি, সহজ হবে ডিজিটাল লেনদেন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্ব করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’।


রোববার রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি সই হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং নগদের বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


চুক্তির আওতায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট পরিচালনার পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)সহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা আরও সহজ হবে।


এই অংশীদারত্বের ফলে দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত হওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়বে। বিশেষ করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে নগদ ওয়ালেটে অ্যাড মানি এবং এনপিএসবি সেবার পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও নগদের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা স্বজনদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।


এ ছাড়া দুই প্রতিষ্ঠানের গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া আরও সহজ হবে। এতে বেশি মানুষ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশে ক্যাশলেস লেনদেনের প্রসারেও এ অংশীদারত্ব ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের শহর, গ্রাম ও পাড়া-মহল্লায় নগদের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। বিল পরিশোধ, ক্যাশ ইন, ক্যাশ আউটসহ বিভিন্ন ডিজিটাল লেনদেনে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন গ্রাহকেরা।


তিনি বলেন, নগদের এই বিস্তৃত নেটওয়ার্ক শুধু নগদের নিজস্ব সেবায় সীমাবদ্ধ না রেখে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও ব্যবহারের সুযোগ দিতে চায় নগদ। এর মাধ্যমে ন্যানো লোন, ইএমআই, ডিপিএসসহ বিভিন্ন আর্থিক সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে দেশে ক্যাশলেস লেনদেন আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন বলেন, এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের আমানত ও ঋণসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। রেমিট্যান্স এবং ক্যাশলেস লেনদেনের বিস্তারেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এএমডি ও সিবিও নাসিম সিকান্দার, ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম, নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক প্রবাল আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু এবং রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে নগদ। বর্তমানে দেশের প্রায় ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যাচ্ছে।



এমকে/বিএম২৪