রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুই দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদার করতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।


সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল রয়েছে।


চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। পাশাপাশি উভয় দেশ নিজ নিজ মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে একে অপরকে সহযোগিতা করেছে এবং আধুনিকায়নের পথে যৌথভাবে এগিয়ে চলেছে।


শি জিনপিং বলেন, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে এবং দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ জোরদার করতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিনিময় ও সহযোগিতা বাড়ানোর কথাও বলেন শি জিনপিং।


তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে এবং এর সুফল দুই দেশের জনগণের কল্যাণে দৃশ্যমানভাবে কাজে আসবে।



এমকে/বিএম২৪