ট্রেসার না থাকায় ছয়তলা থেকে মাকে কোলে করে নামালেন দুই সন্তান

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম
ট্রেসার না থাকায় ছয়তলা থেকে মাকে কোলে করে নামালেন দুই সন্তান

সূত্রঃ সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অসুস্থ রোগীকে বহনের জন্য প্রয়োজনীয় ট্রেসার (ট্রলি/স্ট্রেচার) না থাকায় মাকে কোলে করে ছয়তলা থেকে নিচে নামিয়েছেন দুই সন্তান। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ ওই নারীকে হাসপাতালের ছয়তলা থেকে নিচে নামানোর প্রয়োজন হলে তার স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ট্রেসার চান। দীর্ঘ সময় খোঁজ করেও ট্রেসার না পাওয়ায় একপর্যায়ে বাধ্য হয়ে ওই নারীর দুই সন্তান তাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন।


হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি চিকিৎসাকেন্দ্রে জরুরি রোগী পরিবহনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সংকট নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে গুরুতর অসুস্থ, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম রোগীদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।


রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসাসেবা নিতে এসে হাসপাতালের বিভিন্ন পর্যায়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। রোগী বহনের জন্য প্রয়োজনীয় ট্রলি বা ট্রেসার না পাওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়েছে। জরুরি অবস্থায় একজন রোগীকে কোলে করে সিঁড়ি দিয়ে নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও জানান তারা।


স্থানীয় সচেতন মহল বলছে, জেলার প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে পর্যাপ্তসংখ্যক সচল ট্রেসার ও রোগী পরিবহনের সরঞ্জাম থাকা জরুরি। হাসপাতালের প্রতিটি তলায় রোগী পরিবহনের প্রয়োজনীয় সরঞ্জাম সহজলভ্য রাখার পাশাপাশি নষ্ট সরঞ্জাম দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে বক্তব্য জানতে সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।