আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিসভা ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৯ সালের ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ’ যুগোপযোগী করে বাংলায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যেই আইনটির খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বিদ্যমান ১৯৭৯ সালের অধ্যাদেশ রহিত করার পাশাপাশি এর অধীনে সম্পন্ন কার্যক্রমের বৈধতা ও হেফাজতের বিধান রাখা হয়েছে। নতুন আইনের আওতায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।
আইনে ব্যাটালিয়নের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জননিরাপত্তা নিশ্চিত করা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া, সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা, সন্ত্রাস, মাদক ও মানবপাচার দমন, ধর্ষণ এবং মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করার দায়িত্বও থাকবে ব্যাটালিয়নের।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন অনুসরণ করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং এসব আদালতে বিচার পরিচালনার বিধানও রাখা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এমকে/বিএম২৪









