হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃ/ত্যু

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:৫০ পিএম
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃ/ত্যু

মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সীমান্তবাসীদের দাবি, বাংলাদেশি কয়েকজনের সঙ্গে মাছ ধরতে সীমান্ত এলাকায় গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা আহত অবস্থায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনেন। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে বিএসএফ গুলির ঘটনার কথা অস্বীকার করেছে। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।