কুতুবদিয়ায় থামছে না পানিতে ডুবে শিশুমৃত্যু, তিন দিনে ঝরল তিন প্রাণ

প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১২:৪৪ এএম
কুতুবদিয়ায় থামছে না পানিতে ডুবে শিশুমৃত্যু, তিন দিনে ঝরল তিন প্রাণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় তিন ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরে ডুবে তিন দিনে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একের পর এক এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) দুপুর ২টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যার পাড়া এলাকায় মরিয়ম বিবি (২) নামে এক শিশু বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। নিহত মরিয়ম একই এলাকার নজরুল ইসলামের কন্যা। পরিবারের সদস্যরা কিছু সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শনিবার (২৩ মে) বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকায় নুরুল হোসাইনের ছেলে আদর মিয়া (৭) পানিতে ডুবে মারা যায়।

এদিকে, গত শুক্রবার (২২ মে) দক্ষিণ ধুরুং ইউনিয়নের বড়ইতলী গ্রামে সাদিয়া (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। নিহত সাদিয়া একই এলাকার নেজাম উদ্দিনের মেয়ে।

এর আগে ১৭ মে মাত্র ২ ঘন্টার ব্যবধানে পৃথক দুই ইউনিয়নে আরও দুই শিশুর মৃত্যু হয়। 

কুতুবদিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাব বেগম বলেন, অভিভাবকদের অসচেতনতা ও শিশুদের প্রতি পর্যাপ্ত নজরদারির অভাবে প্রতিনিয়ত পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। পাশাপাশি পুকুরে নিরাপত্তাবেষ্টনী বা বাউন্ডারি না থাকাও বড় কারণ বলে তিনি উল্লেখ করেন।

পরিবেশ কর্মী ও সাংবাদিক আবুল কাশেম বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে অনলাইন ও অফলাইনে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও কার্যকর ফল মিলছে না। তিনি মনে করেন, অবহেলা ও অসচেতনতার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে।