সিংগাইরে কুপিয়ে জখমের পরও আসামীরা বেপরোয়া,জামিনে এসে হুমকি

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:৩০ পিএম
সিংগাইরে কুপিয়ে জখমের পরও আসামীরা বেপরোয়া,জামিনে এসে হুমকি

সোহরাব হোসেন,  সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কুপে আহত মো.মোস্তফার(৪৫)অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তার বড় ভাই আহম্মদ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ আসামি বাদে বাকিরা জামিনে এসে বাদিকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। 

 শনিবার (১৬ মে)দুপুরে এ অভিযোগ করেন মামলার বাদী ভুক্তভোগী আহম্মদ হোসেন (৫৩)। তিনি উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পাড়িল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সরেজমিন জানা গেছে ,পূর্ব শত্রুতার জেরে গত ১১ মে রাত দশটার দিকে মামলার বাদী আহম্মদের ছোট ভাই মোস্তফাকে তাদের বাড়ির সামনে আসামীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

 স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও মামলার এজাহার থেকে জানা যায়,হামলার নেতৃত্ব দেন ওই এলাকার চান মিয়ার ছেলে প্রতিপক্ষ দেলোয়ার (৪২),সিদ্দিক আলীর ছেলে ফয়সাল (৩২) ও মৃত মেছের বেপারীর ছেলে আব্দুল হক(৫৫)সহ এজাহারে ১২ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাত চার-পাঁচজন। এ সময় মোস্তফার ডাক-চিৎকারে তার স্ত্রী রহিমা খাতুন এগিয়ে এসে আসামিদের বাধা দিলে তাকেও শ্লীলতাহানিসহ মারধর করে। ছিনিয়ে নেয়া হয় তার গলায় থাকা ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার। ওই রাতেই আহত মোস্তফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত মোস্তফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। 


মামলার বাদী আহম্মদ অভিযোগ করে বলেন, আসামিরা জামিনে এসে বলধারা একের মোড় এলাকায় তাকে পেয়ে মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি দেয়। আসামিদের হুমকিতে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান তিনি । 

সিংগাইর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান নূর মোক্তার জানান, আসামিদের বিরুদ্ধে এর আগেও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই এলাকার রফিক নামের এক ব্যক্তিকে মেরে ফেলার হুমকির অভিযোগ রয়েছে । এতে ভুক্তভোগী রফিক তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

এলাকাবাসী অভিযোগ করে বলেন,দেলোয়ারের নেতৃত্বে আসামীদের সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক বেড়েই চলছে। সর্বশেষ মোস্তফার ওপর হামলার ঘটনা নিয়ে অনেকটাই উদ্বেগ-উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রশাসনের কাছে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানিয়েছেন।  

এ ব্যাপারে অভিযুক্ত দেলোয়ারসহ অন্যান্য এজাহারভূক্ত আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। 

মামলার তদন্ত কর্মকর্তা ও সিংগাইর থানার এসআই মো.ছালামত হোসেন বলেন,মামলার ১ থেকে ৩ নং আসামি ছাড়া বাকিরা কোর্ট থেকে জামিন নিয়েছে। প্রধান ওই তিন আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। বাদীকে জামিনপ্রাপ্ত আসাদের হুমকির বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।