সাভারের আশুলিয়ায় মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম
সাভারের আশুলিয়ায় মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল (রিভলভার) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে র‌্যাব-৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা’র নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল জানতে পারে, মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালনা করেন।

তল্লাশির একপর্যায়ে নির্মাণাধীন ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের একটি টয়লেটের মেঝেতে রাখা কয়েকটি ইট সরিয়ে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগটির ভেতরে থাকা সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলভার এবং দুই রাউন্ড .২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অস্ত্রটি সেখানে কীভাবে এলো কিংবা কারা এটি লুকিয়ে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

র‌্যাব সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘Made in Pakistan’ লেখা খোদাই করা রয়েছে। অস্ত্রটির বৈধতা, ব্যবহার এবং উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্ত কার্যক্রম চলছে।

এ বিষয়ে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্রটির মালিকানা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে।