রাজশাহী মহানগরীতে গাঁজার গাছসহ গ্রেপ্তার ৪ মাদক কারবারি

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম
রাজশাহী মহানগরীতে গাঁজার গাছসহ গ্রেপ্তার ৪ মাদক কারবারি

রাজশাহী ব্যুরো: 

রাজশাহী মহানগরীর পৃথক চারটি মাদকবিরোধী অভিযানে একটি গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ভোররাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

পুলিশ জানায়, বেলপুকুর থানার আগলা বিল এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিজস্ব জমি থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ও প্রায় ১৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

এ ছাড়া মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানার বহরমপুর এলাকার শান্তিলেন গলিতে অভিযান চালিয়ে ১ দশমিক ১ গ্রাম হেরোইনসহ মো. মাসুম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এর আগে একই দিন বিকেল সোয়া ৪টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারের ২ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ মো. সাকিবুল ইসলাম (২২) নামে একজনকে আটক করা হয়।

অন্যদিকে রাত ২টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবুল কালাম (৪০) নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, পৃথক চারটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।