মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:১৮ পিএম
মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকায় সংঘটিত গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি হাসিবুল ইসলামকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাতে মতিহার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২০ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হাসিবুল ইসলাম হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। পূর্বশত্রুতা ও নিহত মোস্তফার দায়ের করা একটি মামলার জের ধরেই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়। উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ।

এদিকে সংবাদ সম্মেলনে আরএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, গত ২ মে দামকুড়া থানা এলাকায় নিখোঁজ হওয়া অটোরিকশাচালক মামুনুর রশিদ হত্যাকাণ্ডের রহস্যও পুরোপুরি উদঘাটিত হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মামুনুরকে হত্যা করা হয়েছিল এবং এই চক্রের সাথে জড়িত মোট আটজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএমপির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, "রাজশাহী একটি শান্তির নগরী। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির সদস্যরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।" মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি নগরীতে কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ইতোমধ্যে কিশোর গ্যাং সদস্যদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"