ফকিরহাটে শিশুর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য সৎমা আটক
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আবু তালহা (৭) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (২৩ মে) উপজেলার লখপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা টাউন-নওয়াপাড়া এলাকার সৈকত শেখের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর শিশুটি তার দাদার বাড়িতে বসবাস করত। কয়েকদিন আগে সে বাবার কাছে বেড়াতে আসে। পরে শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে পানিভর্তি একটি বালতির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যদের দাবি, শিশুটির মৃত্যু স্বাভাবিক নয় এবং এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তবে আটক সৎমা পুলিশকে জানিয়েছেন, তিনি বাইরে ছিলেন এবং ফিরে এসে শিশুটিকে ওই অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।









