পুলিশি তৎপরতায় বড় সাফল্য: বেগমগঞ্জে ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ বাইকার আটক
মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনের একটি পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. রাহিম (২১)। সে গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র বহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছিল। এরই অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাহিম একটি মোটরসাইকেল নিয়ে ওই চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে তল্লাশি শুরু করে। একপর্যায়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে অস্ত্র ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, “মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অস্ত্রের উৎস কী, কী উদ্দেশ্যে এগুলো বহন করা হচ্ছিল এবং এর পেছনে অন্য কোনো বড় অপরাধী চক্র বা গডফাদার জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে।
আটককৃত রাহিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অস্ত্র চোরাচালান ও সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ। এদিকে, ব্যস্ত সড়কে অস্ত্রসহ যুবক গ্রেফতারের এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








