চট্টগ্রামে বিশেষ অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, টাকা-স্বর্ণ ও সিএনজি উদ্ধার
মোহাম্মদ ইব্রাহিম, রিপোর্টার চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ অর্থ, স্বর্ণালংকার এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ডবলমুরিং মডেল থানার মামলা নং-১২ (তারিখ: ১২ মার্চ ২০২৬) এর তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৩ মার্চ সকাল ৭টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার সুগন্ধা সৈকত এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. দিদারুল আলম (৩৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া ২ লাখ ৪০ হাজার ৪৯০ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি (মোট প্রায় ২ ভরি) উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে নিয়ে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও ৭২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিদারুল আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার নাছিরাবাদ এলাকা থেকে দ্বিতীয় আসামি মো. আব্দুল কাদের (৭২)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে কোতোয়ালী থানার পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে কলোনীর একটি ফ্ল্যাট থেকে আরও ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
এদিকে মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৃতীয় আসামি মো. কামাল হোসেন (৪৪)-কে ১৪ মার্চ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে প্রতারণার ঘটনায় ব্যবহৃত চট্টমেট্রো-থ-১২-৮২২৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে আমেরিকান এলাচসহ বিভিন্ন পণ্য কম দামে কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করে। তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং এর আগেও মহানগরীর বিভিন্ন এলাকায় একই কৌশলে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।









