গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযান, ৩০ কেজি হরিণের মাংস জব্দ
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সুন্দরবনের নলিয়ান এলাকায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ এবং এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাংসের বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) দুপুরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজারপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় এক ব্যক্তির দখলে থাকা হরিণের মাংস জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মেহেদী হাসান (৩০) দাকোপ উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া হরিণের মাংস ও আটক ব্যক্তিকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
তিনি জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসে জড়িত শিকারি ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের নজরদারি আরও জোরদার করা হয়েছে। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বন্যপ্রাণী শিকার, মাংস পাচার ও বনজ সম্পদ লুটপাট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিশেষজ্ঞদের মতে, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বন। এ বনের জীববৈচিত্র্য রক্ষায় হরিণসহ সব বন্যপ্রাণী সংরক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।









