কুনিয়া বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৩:৫৮ পিএম
কুনিয়া বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। রবিবার (২৪ মে ২০২৬) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুনিয়া বাসস্ট্যান্ডে অবস্থিত আওয়ামী লীগ অফিসের নিচতলার খোলা জায়গায় এক আধাবয়সী ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে তিনি মৃত বলে নিশ্চিত হলে বিষয়টি ৯৯৯-এ জানানো হয়।

খবর পেয়ে চিতলমারী থানার সাব-ইন্সপেক্টর সুজয় মল্লিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার ডান চোখের পাশে একটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অজ্ঞাত অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির মৃত্যু রাতের কোনো এক সময়ে হয়েছে। কারণ, উদ্ধারকালে মরদেহের শরীর শক্ত অবস্থায় ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।