অটোরিকশা চালক হ'ত্যা রহস্য উদঘাটন: ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে অটোরিকশা চালক মামুনুর রশিদ (৫০) হত্যার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়ার মোঃ তানভীর রানা প্রান্ত (২২), ভাটাপাড়ার মোঃ শামীম (৩৫), আলীগঞ্জ পূর্বপাড়ার মোঃ রাব্বি (২০) এবং ভাটাপাড়ার মোঃ নূর আলম (২৫)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শামীমের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধে ৬টি এবং রাব্বির বিরুদ্ধে তানোর ও রাজপাড়া থানায় ২ট মামলা চলমান রয়েছে।
শুক্রবার (১৫ মে) রাতে আরএমপি'র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, নিহত মামুনুর রশিদ গত ২ মে বিকেলে ভাড়ার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৫ মে দিবাগত রাত সোয়া ২টার দিকে প্রথমে প্রান্ত ও শামীমকে ডিঙ্গাডোবা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত রাব্বি ও নূর আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার অধিকতর ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে।









