৫০ বছরের অপেক্ষার অবসান, কীর্তিনাশা নদীতে সেতু নির্মাণের উদ্যোগ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
৫০ বছরের অপেক্ষার অবসান, কীর্তিনাশা নদীতে সেতু নির্মাণের উদ্যোগ

ছবি: বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


একটি সেতুর অভাবে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অন্তত ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। কীর্তিনাশা নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা ছোট একটি ডিঙি নৌকা। অবশেষে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের পর প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তীর নেতৃত্বে এলজিইডির কর্মকর্তারা নারায়ণপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকায় প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁরা নদীর দুই পাড়ের পরিস্থিতি, বিদ্যমান যোগাযোগব্যবস্থা ও সেতু নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলোও পর্যবেক্ষণ করেন।


এর আগে গত ১৮ নভেম্বর একনেকের সভায় ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় নারায়ণপুর এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সেতুর অপেক্ষায় থাকা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর ইউনিয়নের ইকরকান্দি বাজার ও পুরাতন লঞ্চঘাট এলাকার মধ্যবর্তী কীর্তিনাশা নদীর ওপর সেতু না থাকায় ফেরাঙ্গীকান্দী, নাওডোবা, সিংজালা, নারায়ণপুর, ইকরকান্দি ও সূর্যমনিসহ অন্তত ১০ গ্রামের মানুষকে প্রতিদিন নৌকায় নদী পার হতে হয়। বর্ষা কিংবা শুষ্ক মৌসুম—সারা বছরই জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের চলাচল করতে হয়। বৈরী আবহাওয়া, মাঝির অনুপস্থিতি কিংবা নৌকার যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যায় পারাপার। তখন বিকল্প পথে প্রায় তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়।


নদীর পশ্চিম পাড়ে রয়েছে ৫৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নূরানি মাদরাসা, ইকরকান্দি বাজার, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ভূমি অফিস। এসব প্রতিষ্ঠানে যাতায়াত করতে প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নৌকার ওপর নির্ভর করতে হয়।


স্থানীয়দের ভাষ্য, কয়েক দশক ধরে তাঁরা সেতুর দাবি জানিয়ে আসছেন। এর মধ্যে একাধিকবার নৌকাডুবির ঘটনাও ঘটেছে। কয়েক দিন আগে নৌকার যান্ত্রিক ত্রুটির কারণে টানা ছয় দিন পারাপার বন্ধ ছিল। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।


স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, ‘এই নদীর ওপর একটি সেতু নির্মাণ আমাদের দীর্ঘদিনের দাবি। প্রতিদিন নদী পারাপারে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ বেড়ে যায়। সেতু নির্মিত হলে সন্তানদের স্কুল-কলেজে যাতায়াতসহ এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা অনেক সহজ হবে।’


আরেক বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নদীর কারণে আমরা অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলে নানা সমস্যায় পড়তে হয়। কৃষিপণ্য বাজারজাত করা এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনাও কঠিন হয়ে পড়ে। দ্রুত সেতু নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।’


তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহাদী বলে, ‘প্রতিদিন নৌকায় করে নদী পার হয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় নৌকার জন্য অপেক্ষা করতে হয়। বৃষ্টি হলে বই-খাতা ভিজে যায়, স্কুলেও যেতে পারি না। নৌকা ডুবে কয়েকবার শিক্ষার্থীরা আহত হয়েছে। এ কারণে বর্ষাকালে অনেকে স্কুলে আসতে চায় না। সেতু হলে আমাদের যাতায়াত নিরাপদ ও সহজ হবে।’


ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রাড়ী বলেন, নারায়ণপুরে সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা। জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


আক্তার হোসেন রাড়ী আরও বলেন, সেতুটি নির্মিত হলে কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ কমবে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে তাঁরা আশা করছেন।


ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নারায়ণপুর এলাকায় প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করা হয়েছে। সরেজমিনে এলাকার পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা ও প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।’