শাকিল হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন
ফাইল ছবি
মো. আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় আবদুর রহমান জনি (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বুধবার সকালে জনিকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার আবদুর রহমান জনি চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার বাবলু রহমানের ছেলে। তিনি আমেরিকাপ্রবাসী রাসেলের মালিকানাধীন ‘এন জে টপ ম্যান’ নামের একটি শপিং মলের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই প্রতিষ্ঠান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, শাকিল ইসলাম হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।








