বরগুনায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মাদকবিরোধী মানববন্ধন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম
বরগুনায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মাদকবিরোধী মানববন্ধন

ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি


মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে বরগুনায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিকে স্মরণকালের অন্যতম বৃহৎ মাদকবিরোধী প্রতিবাদ বলে দাবি করেছেন আয়োজকেরা।


বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকেরা অংশ নেন।


বরগুনার ক্রোক, ডি.কে.পি. রোড, বটতলা, ব্যাংক কলোনি, সদর রোড, বিসিক শিল্পনগরী ও টাউন হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কর্মসূচিটি বৃহৎ সামাজিক প্রতিবাদে রূপ নেয়।


মানববন্ধনে অংশ নেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু হাসান, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম মিয়াজী, মাওলানা মিজানুর রহমান আকন, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবুল কালাম, হাফেজ ওবায়দুল্লাহ, মাওলানা রেদওয়ানুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ফেরদৌস হোসেন, মাওলানা বাকি বিল্লাহ, মুফতি জামাল উদ্দিন, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ও মুফতি রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—দারুত তাকওয়া মডেল মাদরাসা, বাবে জান্নাত মাদরাসা, আল ফালাহ মাদরাসা, বাবে সুন্নাত মাদরাসা, দারুস সুফফা মাদরাসা, জান্নাতুল বাকী মাদরাসা, মারকাযুল মডেল উম্মাহ মাদরাসা, ক্রোক মোল্লাবাড়ি নূরানী হাফিজি মাদরাসা, দারুল এহসান একাডেমি, ইলমুল কোরআন একাডেমি, জান্নাতুল ফেরদাউস নূরানী হাফেজি মাদরাসা, মিসবাহুন নাজাত মডেল মাদরাসা, মাদরাসাতুর রহমান ইন্টারন্যাশনাল, মক্কী নূরানী মাদরাসা, আবু বক্কর মডেল মাদরাসা, দারুল হিকমাহ মাদরাসা, তাহফিজুল কোরআন মাদরাসা, নুরুল কোরআন হাফেজি মাদরাসা, মাদরাসাতুল হিকমাহ লি তাহফিজুল কোরআন, ইসলামিয়া মাদরাসা, দারুল আরকাম মাদরাসা ও গলাচিপা হাফিজি মাদরাসা।


মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।


তাঁরা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মাদকের উৎস ও বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।


বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশনের বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু হাসান বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়; এটি আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজকের এই বৃহৎ মানববন্ধনে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রমাণ করে, বরগুনার মানুষ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। আমরা চাই, আমাদের সন্তানরা মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠুক। প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী এ সামাজিক আন্দোলন আরও বেগবান করতে চাই।’


ফাউন্ডেশনের সেক্রেটারি ও দারুত তাকওয়া মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম মিয়াজী বলেন, ‘আজকের এই মানববন্ধন শুধু একটি প্রতিবাদী কর্মসূচি নয়; এটি মাদকের বিরুদ্ধে বরগুনার সচেতন মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ। বরগুনার বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। আমরা বিশ্বাস করি, শিক্ষার আলো, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত বরগুনা গড়তে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’


কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, প্রশাসন ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মাদকমুক্ত বরগুনা গড়তে এ সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।


কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখা।