শরীয়তপুরের জাজিরার ভূমি অফিসে হঠাৎ দুদকের অভিযান
ছবি: সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
সরকারি ফির অতিরিক্ত টাকা দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশন ওরফে কলির কর্মস্থলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ নভেম্বর) অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।
এর আগে গত ১৭ জুলাই মূলনা ইউনিয়নের বাসিন্দা মোকসেদ আকনের কাছে মাত্র ১ হাজার ১৭০ টাকার সরকারি ফির বিপরীতে লাখ টাকা দাবি এবং ৪০ হাজার টাকায় চুক্তির অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এ ছাড়া আগের কর্মস্থলেও অতিরিক্ত অর্থ আদায় এবং এ নিয়ে সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীকে চাপ দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
এসব অভিযোগ নিয়ে গত ১৪ নভেম্বর ‘ফাইল আটকে ঘুষের দরকষাকষি; দালাল দিয়ে ভূমি কর্মকর্তার অভিনব দুর্নীতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ ও প্রচার করে আরটিভি।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মূলনা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশন ওরফে কলির বিরুদ্ধে গণমাধ্যমে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষের লেনদেনের খবর প্রকাশিত হয়েছিল। ওই সংবাদের ভিত্তিতেই দুদকের নজরে আসায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ১৯ নভেম্বর ওই কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে পার্শ্ববর্তী আরেকটি ইউনিয়নে বদলি করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
দুদকের এই কর্মকর্তা বলেন, অভিযুক্ত কর্মকর্তার দায়িত্ব পালনকালে নামজারি-সংক্রান্ত যেসব কাগজপত্র ছিল, সেগুলো অনলাইনে থাকায় অফিস থেকে সরবরাহ পাওয়া যায়নি। এসব নথি সংগ্রহ করা হবে। পাশাপাশি ভুক্তভোগীদের সঙ্গে আরও কথা বলে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে গ্রাহক হয়রানি এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশন পরবর্তী অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শুধু বদলির ব্যবস্থা নয়, দুদকের তদন্তের পাশাপাশি বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।









