শরীয়তপুরে রাতে সরকারি চিকিৎসাসামগ্রী বিক্রির অভিযোগ
ছবি: সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস থেকে রাতের বেলায় ব্যান্ডেজসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী বাইরে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিসটির ইপিআই বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আমির হোসেনের নাম সামনে এসেছে। তবে অভিযোগ অস্বীকার করে তাঁর দাবি, বিক্রির জন্য নেওয়া সামগ্রীগুলো তাঁর ব্যক্তিগত ব্যবসার পণ্য।
বুধবার (২৫ নভেম্বর) রাতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে দেখা যায়, আমির হোসেন মোটরসাইকেলে ব্যান্ডেজসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী নিয়ে বিক্রি করছেন। সরকারি অফিস থেকে রাতের বেলায় এসব সামগ্রী বাইরে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন প্রায়ই রাতের বেলায় অন্য লোকের মাধ্যমে অফিস থেকে বিভিন্ন মালামাল গাড়িতে তুলে বাইরে পাঠান। এ বিষয়ে কেউ আপত্তি জানালে তিনি বলেন, ‘আমার অফিসের বস সব জানেন।’
সরকারি স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ করা চিকিৎসাসামগ্রী কীভাবে বাইরে নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি চাকরিতে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসা-বাণিজ্যে জড়িত থাকার সুযোগ ও বিধিবিধান নিয়েও আলোচনা করছেন তাঁরা।
তবে অভিযোগ অস্বীকার করে আমির হোসেন বলেন, ‘এসব ব্যান্ডেজ ও চিকিৎসাসামগ্রী আমার নিজের। আমি ব্যবসা করি। আমার কাছে কোনো ক্যাশ মেমো নেই। আমার স্যার সবকিছু জানেন। আমি অফিসে রেখেই ব্যবসা করি।’
এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না।’
অন্যদিকে শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন বলেন, ‘রাতের বেলায় সরকারি অফিসের মালামাল বিক্রির কোনো সুযোগ নেই। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’









