খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, প্রধান ফটকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা
ছবি: সংগৃহীত
খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় একই বাড়িতে আবারও গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে বাড়িটির বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর টুটপাড়া থানাধীন মাওলাবাড়ি মোড় এলাকায় ছয়তলা স্কুলসংলগ্ন জলিল আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগের রাতেও রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সন্ধ্যার পর একই বাড়িতে আবারও গুলিবর্ষণ করা হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে বাড়ির প্রধান ফটকেও আঘাত করা হয়।
পরপর দুই রাতে একই বাড়িতে হামলার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়িটিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আশপাশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
নগরীতে একের পর এক গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই বাড়িতে বারবার হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশি নিরাপত্তা জোরদার ও বিশেষ চেকপোস্ট বসানোর পরও কীভাবে একই বাড়িতে বারবার হামলার ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার বিস্তারিত ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।








