কিশোরগঞ্জে ঘুমের মধ্যে চেতনানাশক প্রয়োগ করে ২০ হাজার টাকা চুরির অভিযোগ

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
কিশোরগঞ্জে ঘুমের মধ্যে চেতনানাশক প্রয়োগ করে ২০ হাজার টাকা চুরির অভিযোগ

ছবি: সংগৃহীত

মো. মাহফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি


কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মনিপুর ঘাট এলাকায় ঘুমের মধ্যে চেতনানাশক প্রয়োগ করে এক ব্যক্তিকে অচেতন করে বসতঘর থেকে ২০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘরের জানালা দিয়ে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ভুক্তভোগী পরিবারের দাবি, কয়েক দিন আগে মধ্যরাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম নাদিম। তিনি একই গ্রামের সোহেলের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।


ভুক্তভোগী মো. খুকন মিয়ার ছেলে অন্তু মিয়া জানান, ঘটনার রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় নাদিম তাঁর ঘরে প্রবেশ করে নাক-মুখে অজ্ঞাত কোনো রাসায়নিক বা মাদকজাতীয় পদার্থ প্রয়োগ করেন বলে তাঁর অভিযোগ। এতে তিনি অচেতন হয়ে পড়েন এবং স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন।


অন্তু মিয়ার দাবি, ঘরের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, তিনি অচেতন অবস্থায় থাকার সুযোগে অভিযুক্ত তাঁর পকেট থেকে ওয়ারড্রপের চাবি নিয়ে সেটি খোলেন। পরে সেখানে রাখা ২০ হাজার টাকা নিয়ে জানালা দিয়ে বেরিয়ে যান।


এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্ত যুবক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।


ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী অন্তু মিয়া বলেন, ‘আমার ঘরে ঢুকে এ ধরনের অপরাধ এবং আমাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করার ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। খুব শিগগিরই কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেব।’


ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় এখনো থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তাঁরা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


স্থানীয় সচেতন মহল বলছে, মাদক ও অনলাইন জুয়ার মতো আসক্তি তরুণদের অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াতে পারে। এ ধরনের অভিযোগের যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।