রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ জলবায়ু সম্মেলন সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর যৌথ উদ্যোগে প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কাজ করছে। আসন্ন সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনাও তুলে ধরতে চায় বাংলাদেশ।


তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু অভিযোজন ও প্রশমনের বিষয়গুলোতে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই সহায়তা মূলত অনুদান হিসেবে দেওয়া উচিত, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা আরও না বাড়ে।


জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।


শামা ওবায়েদ আরও বলেন, জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে, যাতে বৈশ্বিক পরিসরে এবং আলোচনার টেবিলে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে কার্যকর ফলাফল অর্জন করা যায়।


তিনি জানান, এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় যৌথভাবে আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।


এমকে/বিএম২৪