ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ বোধ করছেন
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় এখন তিনি কিছুটা সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন তাঁর একান্ত সহকারী সচিব (এপিএস) নাজমুল হক।
শনিবার (২৪ অক্টোবর) তিনি জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। এ কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
নাজমুল হক বলেন, ভূমিমন্ত্রী আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন। তবে এখনো কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। সেগুলো আজ করা হবে। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এদিকে অসুস্থ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
এ ছাড়া জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে দেখতে যান।
এ সময় তাঁরা ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এমকে/বিএম২৪








