দিনাজপুরে চাকরির মেলা, অংশ নেবে ৮০ দেশি-বিদেশি প্রতিষ্ঠান
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরামপুরে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী চাকরির মেলা। ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’ শীর্ষক এ মেলায় দেশি-বিদেশি প্রায় ৮০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ থাকবে।
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে মেলায় অংশ নিতে ১৬ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী নিবন্ধন করেছেন। মেলায় প্রায় ২০ হাজার তরুণ-তরুণীর সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের উৎপাদন ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
মেলায় আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস অংশ নেওয়ার কথা রয়েছে।
শিল্প ও ভোগ্যপণ্য খাত থেকে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপের ফ্রেশ, লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপের মতো প্রতিষ্ঠান অংশ নেবে।
ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
এ ছাড়া ওষুধ ও স্বাস্থ্যসেবা খাত থেকে ইনসেপ্টা, অ্যাকমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল অংশ নেওয়ার কথা রয়েছে।
তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও অন্যান্য সেবা খাত থেকে রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০ ও কমুরসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
আয়োজকেরা জানান, মেলায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সাক্ষাৎকারের সুযোগ পাবেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে চাকরি পাওয়ার সম্ভাবনাও থাকবে। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে অভিজ্ঞ পরামর্শকদের কাছ থেকে দিকনির্দেশনা নেওয়ার সুযোগ থাকবে।
মেলার মূল উদ্দেশ্য স্থানীয় চাকরিপ্রত্যাশীদের সঙ্গে করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোর সরাসরি যোগাযোগ তৈরি করা। এর মাধ্যমে উত্তরাঞ্চলের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, তাঁদের দক্ষতা কাজে লাগানো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করার প্রত্যাশা করছেন আয়োজকেরা।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের তরুণদের কর্মমুখী করে জাতীয় অর্থনীতির মূল স্রোতোধারায় যুক্ত করতে এ মেলা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এমকে/বিএম২৪








