বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম
বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখতে বাংলাদেশ সফররত ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।


এপিপিজির চেয়ার ও ব্রিটিশ এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন শওকত আদম এমপি ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসাইন।


রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে ঢাকা অত্যন্ত গুরুত্ব দেয়। দেশটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদার এবং অন্যতম বৃহৎ রপ্তানি বাজার বলেও উল্লেখ করেন তিনি।


যুক্তরাজ্যের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য ও সুশাসনের প্রশংসা করে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে পারস্পরিক সফর, সংসদীয় কমিটিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং কর্মকর্তা প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এপিপিজির উদ্যোগে জাতীয় সংসদে বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনেরও আশা প্রকাশ করেন তিনি।


সাক্ষাতের শুরুতে আফসানা বেগম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনে নির্যাতন সহ্য করেও সংগ্রাম চালিয়ে সফল হওয়ায় তিনি রাষ্ট্রপতির প্রশংসা করেন।


রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের অবদান দেশের মানুষ মনে রাখবে।


বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। জবাবে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন দেশে-বিদেশে সর্বত্র গ্রহণযোগ্যতা পেয়েছে।


রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের আদলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টকে বাংলাদেশের সংসদের জন্য একটি মডেল হিসেবে বিবেচনা করেন।


বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪